এআই দিয়ে করা
সিলেট নগরের সুরমা নদীর ওপর ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবি ও নানা উদ্যোগের পর এবার নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শুক্রবার বিকেল ৩টায় তিনি কিনব্রিজ এলাকায় গিয়ে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবার জারি করা মন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
নগরের যানজট কমানো, যোগাযোগব্যবস্থা সহজ করা এবং প্রায় শত বছরের পুরোনো কিনব্রিজের ওপর চাপ কমাতে কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এবার সেই দাবিকে বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ হিসেবে মন্ত্রীর এই স্থান পরিদর্শনকে দেখছেন সংশ্লিষ্টরা।
ব্রিটিশ আমলে সুরমা নদীর ওপর নির্মিত হয় লোহার কাঠামোর দৃষ্টিনন্দন কিনব্রিজ। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে সেতুটির নামকরণ করা হয় ‘কিনব্রিজ’। প্রায় ৯ দশক ধরে চালু থাকা সেতুটি বাংলাদেশের অন্যতম প্রাচীন সেতু এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর ওপর নির্মিত প্রথম সেতু হিসেবে পরিচিত। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট।
তবে দীর্ঘদিনের ব্যবহারে কিনব্রিজটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। নিরাপত্তার কারণে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ফলে নগরের দুই প্রান্তের যোগাযোগব্যবস্থায় বিকল্প একটি সেতুর প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।
কিনব্রিজের পাশে নতুন সেতু নির্মাণের দাবি অবশ্য নতুন নয়। সাবেক স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরীও কিনব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। পরে চারদলীয় জোট সরকারের সময়ে সিলেট-১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কিনব্রিজ ভেঙে সেখানে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেন। তবে ঐতিহ্যবাহী কিনব্রিজ সংরক্ষণের দাবিতে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়।
পরবর্তী সময়ে কিনব্রিজের পাশে নতুন একটি ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগে বিদেশি সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আগ্রহ দেখায়। জানা যায়, প্রকল্পটিতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ ছিল সংস্থাটির। তবে এপ্রোচ সড়ক নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা না থাকার বিষয়টি সামনে আসায় শেষ পর্যন্ত ওই প্রকল্প বাতিল হয়ে যায়।
এরপর ২০২২ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আব্দুল মোমেনও কিনব্রিজের পাশে আরেকটি সেতু নির্মাণের কথা জানিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগও বাস্তবায়নের পথে এগোয়নি।
এবার নতুন করে উদ্যোগ নিয়েছেন বর্তমান সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর শুক্রবারের স্থান পরিদর্শনের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত নতুন সেতু নির্মাণের উদ্যোগ কতটা বাস্তব রূপ পায়, সেদিকেই এখন নজর সিলেটবাসীর।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বাণিজ্যমন্ত্রী। এরপর সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের পূজামণ্ডপগুলোর মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বিকেল ৩টায় কিনব্রিজ এলাকায় সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন। এরপর বিকেল ৪টায় কুমারগাঁও-বাদাঘাট–এয়ারপোর্ট সড়ক জাতীয় মহাসড়ক চার লেন প্রকল্পের বাদাঘাট অংশ এবং বিকেল ৫টায় লাক্কাতুরা থেকে দলদলি পর্যন্ত ১ দশমিক ৯০ কিলোমিটার রাস্তা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন।
সফর শেষে রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




