মেধাকে সম্পদে রূপান্তর করতে হবে: অধ্যাপক আল মোহাইমিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

মেধাকে সম্পদে রূপান্তর করতে হবে: অধ্যাপক আল মোহাইমিন

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০১:২৯:৪৭ অপরাহ্ন

মেধাকে সম্পদে রূপান্তর করতে হবে: অধ্যাপক আল মোহাইমিন


নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. মুহাম্মদ আল মোহাইমিন। তিনি বলেছেন, আমাদের সম্পদের প্রয়োজন নেই। আমরা প্রত্যেকেই যদি নিজেদের মেধাকে কাজে লাগিয়ে নিজেকে সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি, সেটিই হবে আমাদের এবং আমাদের মা-বাবার জন্য প্রকৃত সম্পদ।

তিনি আরও বলেন, জীবনের যে অবস্থানেই পৌঁছানো হোক না কেন, নিজের শিকড়কে কখনো ভুলে গেলে চলবে না। আমাদের গ্রামই আমাদের শিকড়। তাই শিকড়কে যথাযথ মূল্যায়ন করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর গ্রামের বিভিন্ন দপ্তরের চাকরিজীবী মিলে গঠিত সংগঠন পিরিজপুর পেশাজীবী পরিষদের বর্ষপূর্তি উদযাপন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের উপদেষ্টা কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লুৎফুল হক, ময়নুল হক, কামরুজ্জামান মুকুল, নজরুল ইসলাম, মুহাম্মদ আলী মেম্বার ও মাসুক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সদস্য নাজমুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অতিথি ও কৃতী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা দেওয়া হয়।

বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং নিজ নিজ এলাকার উন্নয়নে পেশাজীবীদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব, যুবক, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর