সংগৃহিত
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় স্কিন সাইন ক্রিম, চশমা, চা-পাতা, জিরা ও টমেটো।
রোববার (২৫ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮০০ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ৩ হাজার পিস চশমা এবং ২৪০ কেজি চা-পাতা জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ২০ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন রাতে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল পৃথক অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৭০টি ভারতীয় জিরার প্যাকেট এবং ৪০০ কেজি টমেটো জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।
বিজিবি জানায়, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে জব্দ করা পণ্যের মোট মূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




