শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৪:৪২:২৫ অপরাহ্ন

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আলোচনা তাঁরাও শুনেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রত্যর্পণ চুক্তি অনুসারে এ বিষয়ে প্রতিবেশী দেশের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে।

দেশে ফেরার গুঞ্জন এবং এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে। তারা পরিস্থিতি ঘোলাটে করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো অপতৎপরতা দেশে চলতে দেওয়া হবে না।

জৈন্তা বর্তা / ওয়াদুদ