সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার: সিসিক প্রশাসক
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে অনুদান বিতরণ

সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৫:১০:৩২ অপরাহ্ন

সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার: সিসিক প্রশাসক

সংগৃহিত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবহন খাতের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দক্ষ চালকও অনেক সময় অন্য চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হন। এতে প্রাণহানির পাশাপাশি বিপর্যয়ে পড়ে সংশ্লিষ্ট শ্রমিকের পরিবার। বিএনপি সরকার শ্রমিকবান্ধব। সরকার সবসময় শ্রমিকদের পাশে আছে। সিলেট সিটি করপোরেশনও শ্রমিকদের কল্যাণে পাশে থাকবে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-১৪১৮) উদ্যোগে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের মধ্যে কল্যাণ তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একজন কর্মক্ষম মানুষ মারা গেলে শুধু তাঁর পরিবার নয়, তাঁর ওপর নির্ভরশীল সদস্যরাও বিপদের মুখে পড়েন। এ অবস্থায় শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের এ উদ্যোগ প্রশংসনীয়। শ্রমিকদের কল্যাণে ইউনিয়ন ও সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সিলেট সিটি করপোরেশন সবসময় পরিবহন শ্রমিকদের পাশে থাকবে। নগরীর উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো কাজই সফলভাবে সম্পন্ন করা কঠিন। তাই সিটি করপোরেশনের কার্যক্রমে পরিবহন শ্রমিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সিসিক প্রশাসক বলেন, শ্রমিকদের নিরাপত্তা, কল্যাণ এবং তাঁদের পরিবারের দুর্দিনে পাশে দাঁড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শ্রমিক সংগঠনগুলোর মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে।

সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দীন লস্কর ও ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসভাপতি মানিক মিয়া, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং কার্যকরী সদস্য আজিজ আহমদ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।

অনুষ্ঠানের শেষ পর্বে শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে মৃত্যুবরণকারী ২১ জন শ্রমিকের পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলো—গোয়ালাবাজার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মরহুম হেলাল মিয়ার পরিবার; কদমতলী মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মরহুম সোয়েদ আহমদ ও মরহুম রফিক আহমদের পরিবার; সিলেট-ঢাকা বাসশ্রমিক মরহুম মুহিব উদ্দিন, মরহুম আতিকুর রহমান, প্রয়াত রঞ্জিত দেব ও মরহুম শিশু মিয়ার পরিবার; সিলেট-সুনামগঞ্জ সড়কের বাসশ্রমিক প্রয়াত দিলীপ দেবের পরিবার এবং সিলেট-তামাবিল সড়কের মিনিবাসশ্রমিক মরহুম সুলেমান আলী, মরহুম সমছির আলী, মরহুম মোহাম্মদ আলী, মরহুম রেজাউল করিম, মরহুম ফলিক আহমদ, মরহুম আব্দুল গনি, মরহুম হিরা মিয়া, প্রয়াত প্রজেশ রঞ্জন দাস, প্রয়াত দীপু মালাকার, মরহুম জয়নাল আহমদ, মরহুম ফরহাদ আহমদ ও মরহুম আনোয়ার হোসেনের পরিবার।

জৈন্তা বর্তা / ওয়াদুদ