ছবি:সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ‘সবুজ বিপনী’ নামের একটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানাধীন বন্দর এলাকার ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।
এসএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নন-এফআইআর মামলা নম্বর ২২৯৭, তারিখ ২৮ অক্টোবর ২০২৬, সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




