সংগৃহিত
সিলেটের ওসমানীনগরে সিলেট বিভাগ গাছ-গলই ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, নৌকার মালিক ও প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাতটি নৌকার মালিক ও তাঁদের সহযোগীদের পরিষদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র গোয়ালা বাজারের রাজভোজন পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সভা পরিচালনা করেন।
সভায় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন, কুতুব উদ্দীন, রঙ্গু মিয়া, মখন মিয়া, মনরুল হক, সোহেল আমীন, আলিম উদ্দীন, রনি মিয়া, জাকির হোসেন, খালেদ মিয়া, কাবুল ইসলাম, সুমন তরপদার, সামাদ, জালাল উদ্দিন, রুম্মান হোসেন ও জুবায়েরসহ অনেকে।
সংগঠনের সদস্যদের নৌকার মধ্যে আবুল হোসেনের ‘স্বপ্নের তরী-১’ ও ‘স্বপ্নের তরী-২’, কুতুব উদ্দীনের ‘সোনার তরী’, রঙ্গু মিয়ার ‘আকিলশাহ তরী’, মখন মিয়ার ‘আশুশাহ তরী’, মনরুল হকের ‘ডালিয়ার তরী’, সোহেল আমীনের ‘আর্নর শাহ তরী’, আলিম উদ্দীনের ‘রঙ্গিন পবন’, রনি মিয়ার ‘সর্ফাত শাহ তরী’, জাকির হোসেনের ‘জাকিরের তরী-২’ এবং খালেদ মিয়ার ‘কুশিয়ারার তরী’ উল্লেখযোগ্য।
সভায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা, সদস্যদের পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং নৌকার মালিক ও প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতটি নৌকার মালিক ও তাঁদের সহযোগীদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




