সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর থানার ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠানের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানি আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন খান, ছাব্বির আহমেদ জুয়েল, রিংকু দেবনাথ, এহসান আহমেদ সেজান, রিফাত খা, ইমরান আহমেদ দিপু ও জীবন পাঠান নিলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে মাধবপুর থানা ঘেরাও করার ঘোষণা দেন তারা।
বক্তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের কিছু কর্মকর্তা দিনে বিএনপির সঙ্গে এবং রাতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জৈন্তাবার্তা/ সুলতানা




