ছবি:সংগৃহীত
শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী গুলজার খানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ উপজেলাবাসী’র ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অসামান্য ভূমিকা পালন করছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো শিক্ষার প্রসার এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, গুলজার খানের মতো নিবেদিতপ্রাণ সমাজসেবীদের সম্মাননা জানানো শুধু একজন ব্যক্তিকে সম্মানিত করা নয়, বরং সমাজের ভালো কাজের স্বীকৃতি দেওয়া। এ ধরনের উদ্যোগ অন্যদেরও মানবকল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। প্রবাসীদের সম্মান জানানোর এ উদ্যোগ বিশ্বনাথের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
সংবর্ধিত অতিথি গুলজার খান তাঁর বক্তব্যে বিশ্বনাথবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজকের এই নাগরিক সংবর্ধনা আমার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি মুহূর্ত। এই সম্মান আমার একার নয়; এটি বিশ্বনাথের সর্বস্তরের মানুষের ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। প্রবাসে থাকলেও আমার হৃদয় সবসময় জন্মভূমি বিশ্বনাথের মানুষের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা ও মানবকল্যাণে কাজ করার যে দায়িত্ব ও সুযোগ পেয়েছি, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।’
সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সদস্য গৌছ আলী, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক ও বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, ট্রাস্টের সদস্য গৌছ আলী মুমিন খান মুন্না, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী এবং সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আব্দর রব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রভেল এবং বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও বিএনপি নেতা সুরমান খান অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া জাসাসের উপজেলা শাখা, জিয়া মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




