ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়ে তোলা সম্ভব। নগরীর উন্নয়ন কর্মকাণ্ড জনগণের করের টাকায় পরিচালিত হয়। সিলেটে কর আদায়ের পরিমাণ তুলনামূলক কম হলেও সীমিত সম্পদের মধ্যেই নগরীর উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে দেবপুর শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশন নগরীর সব মানুষের প্রতিষ্ঠান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে এ প্রতিষ্ঠান কাজ করে। মসজিদ, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও সিটি করপোরেশন গুরুত্ব দিচ্ছে। কারণ, এসব প্রতিষ্ঠান মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, নগরীর সার্বিক উন্নয়ন শুধু সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে একটি বাসযোগ্য ও উন্নত নগরী গড়ে তোলা সম্ভব।
দেবপুর শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়ার সভাপতি রতন মনি মোহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাশ।
এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




