ছবি:সংগৃহীত
সিলেটের মানুষের উষ্ণ আতিথেয়তা, সৃজনশীলতা ও সমৃদ্ধ সংস্কৃতিতে মুগ্ধতা প্রকাশ করেছেন পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অব কোইমব্রা)। তিনি বলেছেন, সিলেটের ব্র্যান্ডিং, বিশেষ করে এখানকার চা শিল্পের সঙ্গে ব্রাগানজা পরিবারের নাম যুক্ত হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। একই সঙ্গে এটি একটি বড় দায়িত্বেরও বিষয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের উইন্ডসর হোটেলে তাঁর সম্মানে আয়োজিত রাজকীয় সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা এবং তাঁর স্বামী ডিউক অব কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিনিধি দলের প্রধান ও লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান এবং জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ডিরেক্টর আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল অনুষ্ঠানে অংশ নেন।
রাজকন্যার স্বামী ডিউক অব কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স বলেন, একটি দেশের পণ্য ও মানুষই বিশ্বজুড়ে সেই দেশের প্রকৃত দূত হিসেবে কাজ করে। লন্ডন টি এক্সচেঞ্জ ও ফেয়ার পে চার্টারের মাধ্যমে সিলেটের চা এবং বাংলাদেশকে বিশ্ববাজারে আরও শক্তিশালীভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি দলের প্রধান স্যার শেখ আলিউর রহমান বলেন, ১৬৬২ সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অব ব্রাগানজা ইংল্যান্ডে চায়ের প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁরই উত্তরসূরি ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা এখন ‘সিলেট টি’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে এগিয়ে এসেছেন। তিনি চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি সিলেটে জাতিসংঘের একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
জাতিসংঘের প্রতিনিধি আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল বাংলাদেশের তরুণ জনশক্তি ও শিক্ষার প্রশংসা করেন। তিনি সিলেটে জাতিসংঘের নতুন কার্যালয় ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগে তাঁর পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন। সার্বিক সমন্বয়ে ছিলেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. বদরুজ্জামান সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু।
সভাপতির বক্তব্যে আব্দুর রহমান রিপন সিলেটের চা শিল্প, পর্যটন, কৃষি ও প্রাকৃতিক সম্পদে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি পর্তুগিজ রাজকন্যার মাধ্যমে বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস স্থাপনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
মো. বদরুজ্জামান সেলিম বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে রাজকন্যার উপস্থিতির প্রশংসা করে বলেন, তাঁর এই সফর সিলেটের চা শিল্পের প্রসারে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আলম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির ইনাম চৌধুরী।
এ ছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিয়াজ মো. আজিজুল করিম, মোহাম্মদ আলী আকিক, হাজী আব্দুস সোবহান, ফুয়াদ বিন রাশিদ, মো. মনিরুল ইসলাম, মো. মনজুর আহমদ, মীর মোহাম্মদ জাকারিয়া, আতাউর রহমান রজব, রুপম খান, শোয়েব আহমদ অভি, মোহাম্মদ রাসেল আলী, ফরহাদুজ্জামান চৌধুরী ও এনাম আহমদ চৌধুরীসহ অনেকে।
বক্তারা সিলেটে বিদেশি বিনিয়োগের অনুকূল ও নিরাপদ পরিবেশের কথা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও পর্তুগালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতাও আরও সম্প্রসারিত হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




