ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর তীর কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চারটি বালুভর্তি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করা হয়েছে। পাশাপাশি ইজারাদারের পক্ষে রয়্যালটি আদায়ের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম। অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল এবং সিলেট জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, বড়গাং বালুমহালের উজানে বসতবাড়িসংলগ্ন নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় শ্যালো ইঞ্জিনচালিত প্রায় ২৫ থেকে ৩০টি নৌকা শনাক্ত করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে শ্রমিকেরা বালুভর্তি নৌকা নিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে কয়েকটি নৌকা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পরে চারটি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করা হয়।
এ সময় নদীর উভয় তীরের বাসিন্দা এবং দূরবর্তী স্থানে অবস্থানরত নৌকার শ্রমিকদের নদীর পাড় কেটে বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে ইজারাদারের পক্ষে রয়্যালটি আদায়ের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি নদীর তীর কেটে অবৈধভাবে উত্তোলন করা বালুর বিপরীতে রয়্যালটির রশিদ দিয়ে ওই কার্যক্রমকে বৈধতা দেওয়ার চেষ্টা করছিলেন এবং বিধিবহির্ভূতভাবে রয়্যালটি আদায় করছিলেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি জরিমানার পুরো টাকা নগদে পরিশোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনবসতির জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থ, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




