অগ্রহায়ণের মৌসুমে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মৌলভীবাজার জেলাজুড়ে আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ থমকে গেছে। পাকা ধান মাঠে, কাটা ধান স্তূপে, আর মাড়াই করা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় আছেন কৃষকেরা। জেলার প্রায় এক লাখ হেক্টর জমির আমন আবাদের সঙ্গে জড়িত লাখো কৃষক পরিবারের আয় এখন আবহাওয়ার ওপর নির্ভর করছে।
কৃষকেরা জানান, কয়েক দিন ধরেই আকাশ মেঘলা ছিল। গত বুধবার রাত থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে পাকা ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। যাঁরা ইতোমধ্যে ধান কেটেছেন, তাঁরাও পড়েছেন বিপাকে। বৃষ্টির কারণে ধান মাড়াই ও শুকানো যাচ্ছে না। অগ্রহায়ণ মাসে হঠাৎ এমন বৃষ্টিতে তাঁদের ভোগান্তি বেড়েছে।
মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, অনেক কৃষক ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টির কারণে সেগুলো মাড়াই করতে পারছেন না। কেউ কেউ কাটা ধান স্তূপ করে সড়কের পাশে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন। ত্রিপল কেনা, অতিরিক্ত শ্রমিক রাখা, ধান সরানো- সব মিলিয়ে উৎপাদন খরচ বাড়ছে। আবার অনেক কৃষক জমিতে থাকা পাকা ধান কাটতে পারছেন না।
কয়েকজন কৃষক বলেন, আমন ধান পুরোপুরি পেকে গেছে। গত এক সপ্তাহ ধরে ধান কেটেছি। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান মাড়াই করতে পারছি না, শুকানোও যাচ্ছে না। কাজের লোক এনেছি। কাজ না হলেও তাঁদের বসিয়ে রেখে মজুরি দিতে হচ্ছে।
জানা গেছে, মাঝারি ও প্রান্তিক কৃষকদের জন্য এই ক্ষতি বেশ বড়। কারণ অনেকেই ঋণ নিয়ে সার, বীজ, সেচ ও শ্রমিকের খরচ মিটিয়েছেন। ধান বিক্রি করে ঋণ শোধ করার কথা ছিল। এখন ধান ঘরে তুলতে দেরি হলে বাজারে দাম কমে যাওয়া, ধান পচে যাওয়া ও ওজন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মৌলভীবাজারে ৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিমাণে কম মনে হলেও আমন কাটার মৌসুমে এই বৃষ্টিই কৃষকের জন্য বড় বাধা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় এক লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতোমধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমন ধান পেকে যাওয়ায় কৃষকেরা ধান কাটা শুরু করেছেন।
শনিবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে কাটার উপায় নেই। আবার কোথাও কাটা ধান জমিতে পড়ে আছে। আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টি না থামলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে আমন ধানের কোনো ক্ষতি হবে না। বরং বৃষ্টির কারণে অনেক সবজিখেত উপকৃত হয়েছে। কৃষকেরা আমন ধান কাটা শুরু করেছেন। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে সব ধান কাটা শেষ হবে।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, বৃষ্টি থামলে দ্রুত ধান কাটা, মাড়াই ও শুকানোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সম্মিলিতভাবে মাড়াই যন্ত্র ব্যবহার, ধান শুকানোর জন্য চাতাল ও ত্রিপলের ব্যবস্থা করা গেলে ক্ষতি কমানো সম্ভব। সরকারি সহায়তা ও আবহাওয়ার পূর্বাভাস কৃষকের কাছে দ্রুত পৌঁছে দিলে এই ধরনের সংকটে ক্ষতি অনেকটা কমবে।
জৈন্তাবার্তা/আরআর




