ছবি:সংগৃহীত
সিলেটের উন্নয়ন, মানুষের অধিকার ও আঞ্চলিক দাবি আদায়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ও মতের পার্থক্য থাকতে পারে; তবে জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে দৈনিক সিলেটের সংবাদ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সিলেটের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে সিলেটের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায়ও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম মানুষের অধিকার আদায়ের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। সমাজ ও রাষ্ট্রের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও জনস্বার্থের বিষয়গুলোকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনিক সিলেটের সংবাদ ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দৈনিক সিলেটের সংবাদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, কবি ও লেখক সালেহ আহমদ খসরু, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. নুরুল ইসলাম বাবুল, মহানগর সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক খালেদ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা, ক্রীড়া সংগঠক ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




