ছবি:সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এ নির্দেশনার ফলে এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে হলে প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান থাকলে এ শর্ত শিথিল করার ক্ষমতা সরকারের হাতে রাখা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, সিলেটসহ দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের প্রক্রিয়ায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান যোগ্য তিন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্তসহ প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাবেন। মহানগর এলাকার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
সভাপতি হিসেবে প্রস্তাব করার জন্য যোগ্য ব্যক্তিদের তালিকায় রয়েছেন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা।
অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। এ ক্ষেত্রে কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচন করতে হবে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য নির্ধারিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে হবে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি অথবা আহ্বায়ক এ মনোনয়ন নিশ্চিত করবেন।
এ ছাড়া কমিটি গঠনের অন্যান্য ক্ষেত্রে ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি-সংক্রান্ত প্রবিধানমালার নির্দেশনা অনুসরণ করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




