সংগৃহীত
রাজধানীর ডেমরায় মাইক্রোবাস চালক হারুনর রশিদ হাওলাদার হত্যা মামলায় এক নারীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার ওরফে আলামিন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া লাশ গুমের দায়ে আসামিদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অপর আসামি রাজন হাওলাদার পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়— হারুনর রশিদ হাওলাদার পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন ২৪ নভেম্বর দুপুরে নিজের মোবাইল ফোন থেকে ভায়রা কলিম শিকদারকে ফোন করে বিপদের কথা জানিয়ে বিকাশে টাকা পাঠাতে বলেন হারুন। তার কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠানো হয়। দুই দফায় লেনদেনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর ২৫ নভেম্বর রাতে ডেমরা থানাধীন বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশে ডিএনডি খাল থেকে ট্রলি ব্যাগের ভেতর থাকা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী লিলি বেগম ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক ২০২২ সালের ৩১ মে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০২৩ সালের ২৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
জৈন্তাবার্তা/ সুলতানা




