কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে পেলেন একজন ছাত্রী!
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে পেলেন একজন ছাত্রী!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৪:৪৬:৫৯ অপরাহ্ন

কলেজে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে পেলেন একজন ছাত্রী!

সংগৃহীত


রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত পেলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার সকালে নাটোর যাওয়ার পথে কলেজটিতে প্রবেশ করে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি দেখে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান তিনি।

পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে একজন ছাত্রীকে দেখতে পেয়ে এক নারী শিক্ষকের কাছে শিক্ষামন্ত্রী জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীর মোট সংখ্যা জানতে চাইলে তিনি জানান, ওই শ্রেণিতে ১৫ জন ছাত্রী থাকলেও উপস্থিত হয়েছে মাত্র একজন।

এ সময় আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি।’ পরে মন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।’ জবাবে শিক্ষকেরা জানান, সকাল সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা। তবে শিক্ষার্থীরা তখনো শ্রেণিকক্ষে আসেনি।

একপর্যায়ে এক শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহার কথা তুলে ধরে বলেন, ‘তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।’ শিক্ষকদের এমন ব্যাখ্যাতেও সন্তুষ্ট হতে পারেননি শিক্ষামন্ত্রী। নিয়মিত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

বিড়ালদহ কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম জানান, মন্ত্রী গাড়ী থেকে নেমেই একাডেমিক ভবনের চারতলায় গিয়ে ক্লাশ পরিদর্শন করেন। এসময় তিনি গার্হস্থ্য অর্থনীতির ক্লাশে গিয়ে একজন ও জীববিজ্ঞানের ক্লাশে গিয়ে একজন শিক্ষার্থীর উপস্থিতি দেখতে পান। এ নিয়ে শিক্ষককে জিজ্ঞেস করেন। তার দাবি, বাংলা, মনোবিজ্ঞানসহ অন্য ক্লাশে গিয়ে যথেষ্ট শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছেন।

‎তিনি জানান, তার কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা বিভাগে পাঠদান দেওয়া হয়। এমপিওভুক্ত এই কলেজে ২২ শিক্ষক জন রয়েছেন। একাদশ শ্রেণিতে ৬৯ জন ও দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে।

‎তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রী কলেজে প্রবেশ করেন ১১টা ৩৮ মিনিটে। প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করে তিনি সরাসরি চারতলায় চলে যান। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার বিষয়টি উল্লেখ করে তা মনিটর করার নির্দেশ দেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল কর্মসূচি ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।

জৈন্তাবার্তা/ সুলতানা