খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

জার্সি উন্মোচন অনুষ্ঠান

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৮:১৩:০০ অপরাহ্ন

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ গড়ে তুলতে কাজ চলছে। এ লক্ষ্যে মহানগরের প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা রয়েছে। সিটি করপোরেশনও সে অনুযায়ী উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সিলেট সিটি করপোরেশন দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিসিক প্রশাসক বলেন, দীর্ঘদিন সিলেটে খেলাধুলার অনুকূল পরিবেশ ছিল না। ফলে অনেক সম্ভাবনাময় তরুণ নিজেদের প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এ পরিস্থিতির পরিবর্তনে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ ও পরিবেশ খুব একটা ছিল না। বর্তমান সরকার চায়, তরুণেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক। এ লক্ষ্যেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ তৈরিতে কাজ চলছে। সিলেটের তরুণেরাও যাতে এ সুযোগ কাজে লাগাতে পারেন, সে বিষয়ে সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, সিলেট সিটি করপোরেশন নগরবাসীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নগরীর সার্বিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রসারেও এ প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। সিলেটকে সব ধরনের খেলাধুলায় এগিয়ে নেওয়া এবং এখানকার খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা ও প্রতিভার স্বাক্ষর রাখার সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নুসহ সিলেট সিটি করপোরেশন দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ