সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলা সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে প্রকৃতির এক অপরূপ বিস্ময় ডিবির হাওর লাল শাপলা বিল। পাহাড়ঘেরা বিস্তীর্ণ জলরাশিতে প্রাকৃতিকভাবে ফোটা হাজারো রক্তিম লাল শাপলা যেন সাজিয়ে তুলেছে এক অনন্য সৌন্দর্যের স্বর্গরাজ্য। শীতের কুয়াশামাখা ভোরে সূর্যের সোনালি আলোর সঙ্গে লাল শাপলার মিতালি মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসু মানুষ।
ডিবি বিল, ইয়াম বিল, হরফকাটা বিল ও কেন্দ্রীয় বিল—এই চারটি বিলের সমন্বয়ে গড়ে উঠেছে জৈন্তাপুরের এই প্রাকৃতিক শাপলা রাজ্য। প্রতিবছর নভেম্বর থেকে শুরু হয় পর্যটন মৌসুম, যা চলে ফেব্রুয়ারির শেষভাগ পর্যন্ত। বর্তমানে শীতের মৌসুমে ভোরের আলো ফুটতেই বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ দৃশ্য এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করছে।
শিশিরভেজা সকালে সূর্যের সোনালি রোদ যখন লাল শাপলার ওপর পড়ে, তখন পুরো বিল যেন রক্তিম চাদরে মোড়ানো এক স্বপ্নময় ভূখণ্ডে পরিণত হয়। এই সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ভোর থেকেই পর্যটকদের আগমন ঘটে। ডিঙি নৌকায় চড়ে শাপলার বুক চিরে বিলের ভেতর দিয়ে ঘুরে বেড়ানো এখানকার অন্যতম আকর্ষণ। পাহাড়, জলরাশি, শাপলা আর নৌকার সম্মিলিত দৃশ্য পর্যটকদের মনে তৈরি করে ভিন্ন এক অনুভূতি।
শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, ডিবির হাওরের রয়েছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বও। বিলের উত্তরে মেঘালয় পাহাড়ের পাদদেশে রয়েছে জৈন্তিয়া রাজ্যের অন্যতম শাসক রাজা বিজয় সিংহের সমাধিস্তম্ভ। প্রাচীন এই নিদর্শন ডিবির হাওরের পর্যটন আকর্ষণে যোগ করেছে নতুন মাত্রা। ফলে একই সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং ইতিহাসের স্মৃতিচিহ্ন দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
পর্যটন মৌসুমে বিশেষ করে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় বাড়ে কয়েক গুণ। অনেকেই সিলেটের জাফলং, লালাখাল কিংবা রাতারগুল ভ্রমণের পরিকল্পনার পাশাপাশি দিনের শুরুটা করেন ডিবির হাওরের লাল শাপলার সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে।
পর্যটকদের মুগ্ধতা, রয়েছে কিছু প্রত্যাশাও রাজধানী ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আরাফাত হোসেন রাজন চার দিনের সফরে সপরিবারে সিলেটে এসেছেন। ভোলাগঞ্জসহ সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পর জাফলং ও লালাখালের উদ্দেশে যাত্রাপথে ভোরে ডিবির হাওর লাল শাপলা বিলে বিরতি নেন তাঁরা।
রাজন জানান, বিলের নান্দনিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য তাঁর পরিবারের সদস্যদের দারুণ আনন্দিত করেছে। এখানকার সামগ্রিক ব্যবস্থাপনাতেও তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে পর্যটকদের চলাচলের সুবিধা ও সৌন্দর্য উপভোগের সুযোগ বাড়াতে বিলের ওয়াকওয়ের পরিমাণ আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।
অন্যদিকে সিলেটের পাঠানপাড়া এলাকার বাসিন্দা সজীব, রাসেল, মামুন ও জাহিদুল ভোরের শিশিরভেজা লাল শাপলা দেখতে সূর্য ওঠার আগেই সিলেট থেকে রওনা হন। তাঁরা জানান, বিভিন্ন সময়ে তাঁরা নিয়মিত এই বিলে ঘুরতে আসেন। তবে চলতি শীত মৌসুমে এবারই তাঁদের প্রথম আসা। দীর্ঘদিন পর শাপলার রাজ্যে এসে তাঁরা দারুণ আনন্দিত।
তবে বিলের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগও প্রকাশ করেন তাঁরা। তাঁদের মতে, আগের তুলনায় বিলে শাপলার পরিমাণ কিছুটা কমেছে এবং কচুরিপানার বিস্তার বেড়েছে। শাপলার স্বাভাবিক প্রজনন ও বিস্তার নিশ্চিত করতে কচুরিপানা নিয়ন্ত্রণসহ প্রাকৃতিক পরিবেশসম্মত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা। তাঁদের প্রত্যাশা, যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও শাপলার আধিক্য ফিরিয়ে আনা হবে।
পর্যটক ব্যবস্থাপনায় সুরক্ষা কমিটির উদ্যোগ পর্যটন মৌসুমকে সামনে রেখে ডিবির হাওর লাল শাপলা বিল সুরক্ষা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিলের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে।
সুরক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়, পর্যটকদের শাপলা ফুল না ছেঁড়া এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে নিয়মিত সচেতন করা হচ্ছে। প্রবেশদ্বারসহ বিলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে কমিটির সদস্যরা নিয়মিত তদারকি করছেন।
পর্যটকদের নৌকাভ্রমণের ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। নৌকার মাঝিরা যাতে পর্যটকদের সঙ্গে কোনো ধরনের হয়রানিমূলক বা অসৌজন্যমূলক আচরণ না করেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিলের আশপাশে অস্থায়ী দোকানপাটের ব্যবসায়ীদেরও দোকানের উচ্ছিষ্ট ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ছবি তোলার ক্ষেত্রে ডিএসএলআর ক্যামেরা ব্যবহারকারী আলোকচিত্রীদের মাধ্যমে পর্যটকরা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সুরক্ষা কমিটি।ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন বিকাশে কাজ করছে প্রশাসন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, জৈন্তাপুরের পর্যটন স্পটগুলোর মধ্যে ডিবির হাওর লাল শাপলা বিল অন্যতম গুরুত্বপূর্ণ। শীত মৌসুমের মাত্র তিন থেকে চার মাস এখানে পর্যটনের মূল সময়। বর্তমানে চলছে বিলটির ভরা মৌসুম।
তিনি বলেন, পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে। ইতিমধ্যে বিলের আশপাশে প্রয়োজনীয় বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজা বিজয় সিংহের সমাধিস্তম্ভের প্রসঙ্গ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এটি ডিবির হাওরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জৈন্তাপুরের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও রাজবাড়ির স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং আধুনিকায়নের বিষয়ে সরকারি উচ্চপর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ডিবির হাওরে অবস্থিত সমাধিস্তম্ভটি সংরক্ষণসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের বিষয়েও কাজ চলছে।
তিনি আরও বলেন, ডিবির হাওর লাল শাপলা বিলের অস্তিত্ব রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটকদের কাছে স্থানটির গ্রহণযোগ্যতা বাড়াতে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে।
প্রকৃতি ও ঐতিহ্যের অপার সম্ভাবনা প্রকৃতির নিজস্ব নিয়মে বেড়ে ওঠা লাল শাপলার এই বিল শুধু জৈন্তাপুর নয়, পুরো সিলেট অঞ্চলের পর্যটন সম্পদের অন্যতম আকর্ষণ। একদিকে মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য, অন্যদিকে বিস্তীর্ণ জলরাশিতে লাল শাপলার সমারোহ; সঙ্গে রয়েছে প্রাচীন রাজ্যের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সব মিলিয়ে ডিবির হাওর হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র।
তবে এই সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা, নিয়মিত পরিচ্ছন্নতা, কচুরিপানা নিয়ন্ত্রণ, শাপলার প্রাকৃতিক প্রজনন ও বিস্তার নিশ্চিত করা এবং ঐতিহাসিক নিদর্শনের যথাযথ সংরক্ষণ। একই সঙ্গে পর্যটকদের সচেতন অংশগ্রহণও অত্যন্ত জরুরি।
প্রকৃতির এই অমূল্য সম্পদকে সুরক্ষিত রেখে পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হলে ডিবির হাওর লাল শাপলা বিল একদিন দেশ-বিদেশের পর্যটকদের কাছে সিলেটের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
জৈন্তাবার্তা/ সুলতানা




