সকল প্রস্তুতি সম্পন্ন : রাতপোহালেই ইভিএমে ভোট
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৩ PM

সিসিক নির্বাচন : কেন্দ্র ১৯০ টি, ঝুঁকিপূণ ১৩২ টি

সকল প্রস্তুতি সম্পন্ন : রাতপোহালেই ইভিএমে ভোট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৩ ১০:১৬:৫৩ AM

সকল প্রস্তুতি সম্পন্ন : রাতপোহালেই ইভিএমে ভোট

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন


রাতপোহালেই পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। বুধবার সকল কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। সেইসাথে থাকবে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরার নজরদারি। সিলেট সিটি কর্পোরেশন  নির্বাচনকে সুষ্ঠু ও নিরবিচ্ছিন্ন করতে মহানগরীতে কাজ করছে প্রায় ২৬০০ পুলিশ সদস্য। মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরিফ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, নগরে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি।

গত সোমবার থেকে মাঠে নেমেছেন ১৪ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মাঠে নিয়োজিত থাকবেন ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এমনকি সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে পুরো নগরীকে গড়ে তোলা হচ্ছে চার স্তরের নিরাপত্তা বলয়।

সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে যাতে অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটতে না পারে-এজন্যে নগরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে , পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এই লক্ষ্যে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

এছাড়াও র‌্যাব ও পুলিশের নিজস্ব মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। যদি কোনো কেন্দ্রে বা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়-তাহলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনী শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করবে। নির্বাচনী অপরাধ কেউ করলে তাৎক্ষণিক বিচারের জন্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।

জানা যায়, সিসিকের ৪২টি সাধারণ ওয়ার্ডে ৪২টি মোবাইল টিম নিয়োজিত থাকবে। প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডের জন্যে থাকবে পুলিশের ১৪টি স্পেশাল স্ট্রাইকিং ফোর্স। ৪২টি ওয়ার্ডের জন্যে থাকবে র‌্যাবের ২২টি মোবাইল টিম।

এছাড়াও র‌্যাব-পুলিশের সাদা পোষাকের পৃথক পৃথক বিশেষ টিম সার্বক্ষণিক মাঠে মোতায়েন থাকবে। একটি সাধারণ ভোট কেন্দ্রে ৫ জন সশস্ত্র পুলিশ ও ১২ জন আনসারসহ মোট ১৭ জন দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোট কেন্দ্র বিবেচনায় পুলিশ আলাদাভাবে নিরাপত্তা গ্রহণ করবে বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন।

নির্বাচনে আইনশৃংখলা নিয়ন্ত্রণে ভোট গ্রহণের আগের দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই মাঠে নামছে ১০ প্লাটুন বা ৫০০ বিজিবি সদস্য। ম্যাজিস্ট্রেটের অধীনে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ৪২ ওয়ার্ডের জন্যে থাকবেন ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও নির্বাচনী অপরাধসমূহ আমলে নিয়ে তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের লক্ষ্যে বিচার বিভাগের ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমবার থেকেই মাঠে নেমেছেন। নির্বাচনকালীন আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টানা ৫ দিন মাঠে থাকবেন তারা।

এর আগে গত ১০ জুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, যখন ব্যালট ওপেন হবে, তখন আমরাও সেটি পর্যবেক্ষণ করব সিসিটিভির মাধ্যমে। তিনি আরও বলেন, ‘কেউ যদি ভোট দিতে গিয়ে দেখেন তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন, তবে যাঁরা ‘মিডিয়া’ (গণমাধ্যমকর্মী) তাঁদের চিৎকার দিয়ে জানাবেন, ‘‘আমি গিয়েছিলাম, আমার ভোট আমি দিতে পারিনি।” যদিও এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। এরপরও যদি কেউ মনে করেন, তিনি তাঁর ভোটটি দিতে পারেননি, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জানাবেন, আমরা সেটি আমলে নেব।’ ইভিএম প্রসঙ্গে সিইসি আরও বলেন, ‘আমরা প্রচলিত যে সিস্টেম, তাতে দেখেছি কোনোভাবেই একজনের ভোট আরেক জায়গায় যায় না, যায় না, যায় না। সেই নিশ্চয়তা দিতে চাই। ১০০ পেজের একটি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারতে পারেন, কিন্তু ইভিএমে কোনোভাবেই তা সম্ভব না। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যালট ওপেন করতে হয়।’

এদিকে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। তিনি বলেন, বৃষ্টির কারণে ভোটে কিছুটা প্রভাব পড়তে পারে। বৃষ্টির মধ্যে ভোটার কেমন আসবেন এখনই বলা যাচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ভোটারেরা আসবেন। ভোটের জন্য সব কেন্দ্র প্রস্তুত রয়েছে। চার-পাঁচটা কেন্দ্রের মাঠে পানি উঠেছে। ওসব কেন্দ্রে পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয়েছে।

২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর পঞ্চম বারের মত হচ্ছে সিসিক নির্বাচন। সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ। ২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নেয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। 

জহিরুল ইসলাম মিশু



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার