সিলটে অবাধে চলছে মোটরসাইকেল
নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হলেও সিলেটে সকাল থেকেই অবাধে চলাচল করছে দুই চাকার এই যান। বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল টিম এবং ভ্রাম্যমাণ আদালতের সামনে দিয়ে আজকের জন্য নিষিদ্ধ মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
দুপুর পৌনে দেড়টার দিকে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক বাহিনীর সামনে দিয়েই কয়েকজনকে মোটরসাইকেল নিয়ে ঘুরাফেরা করতে দেখা গেছে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এছাড়াও সকাল থেকেই নগরজুড়ে অবাধে মোটরসাইকেল ও পাস ছাড়া ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।
আজ বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মো. আব্দুল হানিফ কুটু ঘোড়া প্রতীকে, মো. ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট প্রতীকে, মো. শাহজাহান মিয়া বাস প্রতীকে ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪২ নির্বাহী ও ১৪ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। ১০ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭ হাজার সদস্যকে মাঠে নামানো হয়েছে। ১৯০ প্রিসাইডিং কর্মকর্তাসহ দায়িত্ব পালন করবেন সাড়ে ৪ হাজারেরও অধিক ভোটগ্রহণ কর্মকর্তা।
জৈন্তাবার্তা/এমকে




