৫ বছরের শিশুকে হত্যা, একজনের যাবজ্জীবন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

৫ বছরের শিশুকে হত্যা, একজনের যাবজ্জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ০৮:০৩:৩৭ পূর্বাহ্ন

৫ বছরের শিশুকে হত্যা, একজনের যাবজ্জীবন

সংগৃহীত


দিনাজপুরের ফুলবাড়ীতে ৫ বছর বয়সি শিশু মিরাজ কাজী হত্যা মামলায় মমতাজ উদ্দীন (৫৮) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মমতাজ উদ্দীন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম খাজাপুর গ্রামের মৃত মীর উদ্দীনের ছেলে। হত্যার শিকার মিরাজ কাজী (৫) একই এলাকার মাহাবুর কাজী ও উম্মে কুলছুম দম্পতির একমাত্র সন্তান।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ৮ জুলাই দুপুরে শিশু মিরাজ কাজী পার্শ্ববর্তী মমতাজ উদ্দীনের বাড়িতে বেড়াতে যায়। এরপর মাহাবুর কাজীর একমাত্র উত্তরাধিকারী শিশু মিরাজ কাজীকে পেটে ছুরি দিয়ে জখম ও শ্বাসরোধ করে লাশ গুম করে রাখে মমতাজ উদ্দীন ও সহযোগীরা। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় পরের দিন ৯ জুলাই সকালে মমতাজ আলীর বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশু মিরাজ কাজীর পিতা মাহাবুর কাজী বাদী হয়ে মমতাজ উদ্দীনসহ ৪ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মমতাজ উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় অন্য ৩ জনকে বেকসুর খালাস দেন আদালত।

দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার রায় ঘোষণার পর আদালতে উপস্থিত শিশু মিরাজ কাজীর মা মোছা. উম্মে কুলছুম বলেন, আমাদের উত্তরাধিকারী আমার একমাত্র সন্তান মিরাজ কাজীকে নির্মমভাবে হত্যা করেছে মমতাজ উদ্দীন। যাবজ্জীবন সাজা না হয়ে আদালত তাকে মৃত্যুদণ্ড দিলে তিনি শান্তি পেতেন। উচ্চ আদালতে তার মৃত্যুদণ্ড দাবি করেন তিনি।

এইচ বি বা