পুনর্নির্ধারণ হচ্ছে রেশনের চাল ও গমের দাম
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

পুনর্নির্ধারণ হচ্ছে রেশনের চাল ও গমের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৯:০৬:৪২ পূর্বাহ্ন

পুনর্নির্ধারণ হচ্ছে রেশনের চাল ও গমের দাম

ছবি: সংগৃহীত


সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, এসএসএফ, এনএসআই-সহ সরকারের প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠানের জনবলের জন্য সাশ্রয়ী মূল্যে রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে চাল ও গমের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে। ১ জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হবে। 

এ বিষয়ে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের বাজেট অনুবিভাগ-১ এর উপসচিব নুরউদ্দিন আল ফারুক এ সংক্রান্ত পরিপত্রে সই করেছেন। 

এতে বলা হয়েছে, সরকার বিশেষ জরুরি হিসেবে প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠান যেমন- স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমান), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদফতর, দুর্নীতি দমন কমিশন, কারা অধিদফতর, বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপক অধিদফতর এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের জনবলের অনুকূলে সাশ্রয়ী মূল্যে রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে চাল ও গমের দাম নির্ধারণ করা হলো। 

পরিপত্রে, রেশনে দেওয়া গম ও চালের মূল্য নির্ধারণে তিনটি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- চাল ও গমের বিক্রয়মূল্য হবে সংশ্লিষ্ট অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ। 

অর্থ বিভাগ থেকে প্রতি অর্থবছরের শুরুতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অবহিত করা হবে। চাল ও গমের পুনর্নির্ধারিত এ হার ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ১০ প্রতিষ্ঠানের রেশনে যেসব পণ্য সাশ্রয়ী মূল্যে দেওয়া হয় তার মধ্যে চাল ও গমের দাম পুনর্নির্ধারণের ফলে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হতে পারে। 

এস এইচ টি/