সিলেটে ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রে/প্তার, মোট ৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রে/প্তার, মোট ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৯:৫৩:৩৩ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগের আরও ৩ কর্মী গ্রে/প্তার, মোট ৬

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এর আগে একই রাতে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এক রাতে ছাত্রলীগের মোট ছয় নেতাকর্মী গ্রেপ্তার হলেন।

শাহপরাণ (রহ.) থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে নগরের খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন-মোহিন উদ্দিন (১৯), মো. মাহিন মিয়া (২০) ও মকবুল হোসেন নাহিদ (২০)। তাঁদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলায়। তাঁরা সিলেট নগরের শাহপরাণ থানাধীন বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাঁদের সহযোগীরা বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে ঝটিকা মিছিল নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁদের প্রত্যেকের হাতে একটি করে কাঠের বাটাম ছিল।

ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত একটি বিস্ফোরিত টিনের কৌটা উদ্ধার ও জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে বুধবার (১১ নভেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় মামুন ওরফে বুলেট মামুন (২৫) ও সাজন আহমদের নেতৃত্বে তাঁরা ওই মিছিলে অংশ নেন।

অন্যদিকে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেল আহমদকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পরে রাত সোয়া ১২টার দিকে বাগবাড়ি এলাকা থেকে নাইম উল ইসলাম নাইম ও জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গত ১৮ জুন থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

শাহপরাণ থানার ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ১০ নভেম্বর থানায় মামলা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, শাহপরাণ থানার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। কোতোয়ালী থানার ঘটনায় গ্রেপ্তার তিনজনকেও আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ