ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা ভারতের খাসিয়া সম্প্রদায়ের নাগরিক। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, আটক দুই ভারতীয় নাগরিক হলেন বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তারা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ প্রবেশ করে আনারস বাগান নামক স্থানে পৌঁছালে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্র ও গুলিসহ বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




