ছবি:সংগৃহীত
সিলেটে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখায় এক আইনজীবীর সঞ্চয়ী হিসাব থেকে ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আইনজীবী ড. দিলীপ কুমার দাস চৌধুরী এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি সিলেট কোতোয়ালী মডেল থানায়ও অভিযোগ দায়ের করেছেন তিনি।
ড. দিলীপ কুমার দাস চৌধুরী সিলেট জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ। তাঁর অভিযোগ, ২ থেকে ৮ নভেম্বরের মধ্যে কয়েক দফায় অনলাইন ই-ওয়ালেট (এনপিএসবি) ব্যবস্থার মাধ্যমে তাঁর সঞ্চয়ী হিসাব থেকে ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে।
গত ৯ নভেম্বর সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগের অনুলিপি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জেনারেল ম্যানেজার এবং প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবর পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে ড. দিলীপ কুমার দাস চৌধুরী উল্লেখ করেন, গত ৯ নভেম্বর তাঁর মুহুরি (আইনজীবীর সহকারী) চেকের মাধ্যমে ২০ হাজার টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা হিসাবটিতে পর্যাপ্ত টাকা নেই বলে জানান। পরে তিনি নিজে ব্যাংক শাখায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় তাঁর হিসাব থেকে অনলাইন ই-ওয়ালেট (এনপিএসবি) ব্যবস্থায় মোট ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়েছে। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে হিসাবের লেনদেনের একটি বিবরণীও (স্টেটমেন্ট) দেয়।
আইনজীবীর দাবি, তিনি কখনো অনলাইন অ্যাপ, ডিজিটাল কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, ই-ওয়ালেট কিংবা কোনো সফটওয়্যার ব্যবহার করে ব্যাংকিং লেনদেন করেননি। শুরু থেকে তিনি শুধু চেকের মাধ্যমেই টাকা জমা ও উত্তোলন করে আসছেন। তাঁর অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে আগে থেকে কোনো মৌখিক, লিখিত বা ফোনের মাধ্যমে তথ্য জানায়নি। এমনকি এ-সংক্রান্ত কোনো এসএমএসও পাননি তিনি।
অভিযোগপত্রে তিনি আরও বলেন, সারাজীবনের কষ্টার্জিত সঞ্চয় এভাবে হিসাব থেকে স্থানান্তরের ঘটনায় তিনি মর্মাহত ও শঙ্কিত। তাঁর সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব। তাই স্থানান্তরিত পুরো অর্থ দ্রুত তাঁর হিসাবে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক মো. ওয়ারিসুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ও কোর্ট বিল্ডিং শাখা যৌথভাবে জোরালো তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। যথাযথ তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




