সিলেট চলচ্চিত্র উৎসব শুরু ২৯ সেপ্টেম্বর
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৫ AM

পঞ্চমবারের মতো এ উৎসবের আয়োজক সিকৃবি চলচ্চিত্র সংসদ

সিলেট চলচ্চিত্র উৎসব শুরু ২৯ সেপ্টেম্বর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ০২:৪৬:০০ AM

সিলেট চলচ্চিত্র উৎসব শুরু ২৯ সেপ্টেম্বর

ছবি : সংগৃহিত


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) চলচ্চিত্র সংসদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সিলেট চলচ্চিত্র উৎসব’ আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। পঞ্চমবারের মতো আয়োজিত এ উৎসবে বিভিন্ন বিভাগে ১১১টি দেশের ৩০৬৫টি চলচ্চিত্র থেকে বাছাইকৃত ১০৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা উৎসবের উদ্বোধন করবেন।

এ উৎসবে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব পরামর্শক ও চলচ্চিত্র বোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার। এছাড়া আশরাফ শিশির, অর্ণব মিদ্যা, সাদিয়া খালিদ রীতি, ওয়াহিদ ইবনে রেজা, মনোজ কুমার প্রামাণিক, সিদ্ধার্থ মাইতি ও মুক্তাদির ইবনে সালাম জুরি হিসেবে যুক্ত রয়েছেন।

উৎসব শুরুর দিন মুহাম্মদ কাইয়ুম পরিচালিত কুড়া পক্ষীর শূন্যে উড়া চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গবেষণাভিত্তিক তথ্যচিত্র নির্মাণ বিষয়ক একটি কর্মশালা, চলচ্চিত্র বিষয়ক মুক্ত আলোচনা ও সিলেটের সংস্কৃতি সংরক্ষণে চলচ্চিত্রের ভূমিকা শীর্ষক একটি অনলাইন আলোচনার আয়োজন রাখা হয়েছে । উৎসব শেষে ৯টি বিভাগে পুরষ্কার প্রদান করা হবে বলে সংগঠকরা জানিয়েছেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিন পর সিলেট চলচ্চিত্র উৎসব নিয়ে ফিরছেন তারা। নানা প্রতিকূলতার পরও আমরা শেষ পর্যন্ত একটা সফল উৎসব আয়োজনে আশাবাদী সংগঠনটি।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি স্বল্পদৈর্ঘ্য (আন্তর্জাতিক) বিভাগে ৪৩টি, স্বল্পদৈর্ঘ্য (বাংলাদেশ) বিভাগে ২৮টি, প্রামাণ্যচিত্র বিভাগে ১৫টি, শিশু বিষয়ক চলচ্চিত্র বিভাগে ১০টি ও এনিমেশন বিভাগে ১০টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছিল। ২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার চলচ্চিত্রকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। গত আসরে ১১২টি দেশ থেকে ৩০৬১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে।

কোভিডের কারণে লকডাউন থাকায় গত আসরে নির্বাচিত ১০৯টি চলচ্চিত্র অনলাইনে প্রদর্শিত হয় এবং দেশ-বিদেশের সিনেমা জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনলাইন আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এবার অনলাইন ও অফলাইন উভয় প্লাটফর্মে চলচ্চিত্র প্রদর্শনী হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

SH