সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুরে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম সাহিদা বেগম (২৩)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৩৫) এলাকাবাসীর সহযোগিতায় আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। তিনি ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে রেজাউল করিমকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জৈন্তা বার্তা/আরআর




