উদয়ন লাইনচ্যুত: দুই তদন্ত কমিটি, দুজন বহিস্কার
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৪ PM

উদয়ন লাইনচ্যুত: দুই তদন্ত কমিটি, দুজন বহিস্কার

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৭:০৯:৫৬ PM

উদয়ন লাইনচ্যুত: দুই তদন্ত কমিটি, দুজন বহিস্কার

ছবি:নিজস্ব


সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে লাইনচ্যুত ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের বগিগুলো এখনো উদ্ধার হয়নি। কখন উদ্ধার কাজ শুরু হবে এ বিষয়ে কিছুই বলতে পারছেন না দায়িত্বশীল কর্মকর্তারা।

যোগাযোগ করা হলে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম সন্ধ্যা ৬টায় জানান, ‘আমি বিস্তারিত জানিনা। তবে কিছু সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হতে পারে বলে সংযোগ কেটে দেন তিনি।’

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় চালকসহ ৬-৭ জন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনটির লোকো মোটিভ মাস্টার (চালক) সিগন্যাল না মানায় এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সাময়িক বহিস্কার করা হয়েছে ট্রেনটির লোক মাস্টার (চালক) মো. ইলিয়াস ও সহকারী লোক মাস্টার জহিরুল ইসলাম নোমানকে।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সময় তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগি উদ্ধার করবে। আজকের মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।’

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকা এ কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনায় সারাদেশের রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। তবে লাইনচ্যুত বগি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে লাইন সচল হয়। এরপর আটকে পড়া ‘কালনী এক্সপ্রেস’ মোগলাবাজার থেকে ঢাকার উদেশে ছেড়ে যায়।

জৈন্তাবার্তা / সুলতানা