জৈন্তাপুরে টিসিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৬ PM

জৈন্তাপুরে টিসিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০১:০৩:০৮ PM

জৈন্তাপুরে টিসিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাসব্যাপী টিসিভি (টাইফয়েড) টিকাদান কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরীর সঞ্চালনায় আর'ও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তফাজ্জল হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিএফপিআই সিরু মিয়া ও এইচআই করুণা কান্ত দেব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টিসিভি একটি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত টিকা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ টাইফয়েড ঝুঁকিপূর্ণ। সে কারণে সময়মতো এই টিকা নেয়া সবার জন্য জরুরি। 

বক্তারা আরও বলেন, উদ্বোধনী দিনে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের টিসিভি টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে আগামী ৪ সপ্তাহে ১৮ কর্ম দিবসের মধ্যে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। যদি শারীরিক অসুস্থতার কারণে কোনো শিশু টিকা নিতে বিলম্ব হয় তাহলে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিসিভি টিকা নিতে পারবে। ৯ মাস থেকে অনুর্ধ্ব ১৫ বছর বয়স পর্যন্ত শিশুরা টিসিভি টিকার আওতায় থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী মাহফুজুল হক, আলেয়া বেগম, সুশীলন এর উপজেলা সমন্বয়কারী শেখ তরিকুজ্জামান, কমিউনিটি মবিউলাইজার নাজমিন বেগম, স্বেচ্ছাসেবী জামিল আহমেদ, রাহিম আহমেদ ও সুমাইয়া বেগমসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর