সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পাচারকালে ১২টি বালু বোঝাই ট্রাক জব্দ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
রবিবার (১২ অক্টোবর) মধ্যরাতে সারী-গোয়াইনঘাট সড়কের লাফনাউট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক ও গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা। এ সময় আটককৃতদের মুচলেকা নিয়ে বালু জব্দ করে গাটিগুলো ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, বেশ কয়েকদিন থেকে উপজেলার প্রধান সড়ক সারী-গোয়াইনঘাট সড়কের দুইপাশে অবৈধভাবে বালুর স্তুপ গড়ে তুলেছে একটি চক্র। রাতের আঁধারে ভারী যানবাহনে করে বালুগুলো অন্যত্র বিক্রি করা হয়। এর ফলে রাস্তা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগে প্রথমে তাদেরকে ডেকে সতর্ক করা হলেও তারা এসব বন্ধ করেনি। তাই অভিযান পরিচালনা করে বালু জব্দ করা হয়। এখন থেকে এরকম অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে এসব ভারী যানবাহন চলাচলের ফলে সারী-গোয়াইনঘাট সড়কের অবস্থা দিন দিন বেহাল হয়ে যাচ্ছে। রাস্তাটি সংরক্ষণ করতে প্রশাসনের এমন কঠোর প্রদক্ষেপে খুশি এলাকাবাসী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়েছে- বিকেল ৩টায় লাফনাউট ইউনিয়ন পরিষদের নিকট জব্দকৃত প্রায় ৫ হাজার ঘনফুট বালু নিলাম হবে।
জৈন্তা বার্তা/আরআর




