রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে জ'ঙ্গি অর্থদাতা বলা হয়েছিল : বিএনপি নেতা জাকির
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ PM

রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে জ'ঙ্গি অর্থদাতা বলা হয়েছিল : বিএনপি নেতা জাকির

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৯:৫৭:৫০ PM

রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে জ'ঙ্গি অর্থদাতা বলা হয়েছিল : বিএনপি নেতা জাকির

ছবি: নিজস্ব


সংযুক্ত আরব-আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন বলেছেন, একসময় আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ বলে আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু এ ধরনের অভিযোগ ও অপবাদের সাথে আমার নূন্যতম সংশ্লিষ্টতা নেই। এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি অপচার, যার লক্ষ্য ছিল আমাকে সমাজ ও রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। 

সোমবার দুপুর দেড়টায় নগরীর একটি রেঁস্তোরায় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমনটি বলেন। 

জাকির হোসাইন অভিযোগ করেন, ২০১৮ সালে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ও অপপ্রচারের মাধ্যমে ‘জঙ্গী অর্থদাতা’ হিসেবে প্রচার চালিয়েছেন। একই সঙ্গে তার পাসপোর্ট নবায়ন বাধাগ্রস্ত করা হয়েছে এবং দেশে তাঁর পরিবারের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছে।

তিনি বলেন, ‘আমি ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করি এবং প্রবাসে থাকলেও জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের স্বার্থে স্থানীয় মানুষদের ঐক্যবদ্ধ করেছি এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। দেশে ফিরে জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছি।’

তিনি দাবি করেন, শেখ হাসিনার পতনের জন্য প্রবাসী ভাই-বোনদের সংযুক্ত করা ও মধ্যপ্রাচ্যের দেশের মানুষের কাছে শেখ হাসিনার নির্যাতনের কথা তুলে ধরা ছিলো তাঁর প্রধান কাজ।

জাকির বলেন, অওয়ামী লীগ সরকার আমাকে দেশে আসতে বাধা দিয়েছিল। এমনকি সামাজিকভাবে আমাকে হেয় করা হয়েছে, আমার পরিবার ও স্বজনরা চরম নির্যাতনের শিকার হন। কিন্তু হাসিনার এ অভিযোগ ছিল মিথ্যা এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জুলাই আন্দোলনে তাঁর সম্পৃক্ততা ছিল বলে জানান জাকির।

তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা খনিজ সম্পদে ভরপুর। ইতোমধ্যে জকিগঞ্জে একটি গ্যাসের কুপের কাজ চলছে। আমি মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম কোম্পানি জনাবী গ্রুপের সাথে একটি প্রাথমিক চুক্তি সই করেছি যেখানে বলা আছে দেশে গণতান্ত্রিক সরকার গঠন হলে জনাবী গ্রুপ বাংলাদেশে তেল গ্যাস আহরণে বড় বিনিয়োগ করবে।

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ কাস্টম ঘাটকে স্থলবন্দর রূপান্তরিত করা এবং লোভাছড়াকে পর্যটন সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। এ ছাড়া, পাথর উত্তোলন বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধবভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিলেটে আবারও ফ্লাইদুবাই বিমান ফ্লাইট চালু করার চেষ্টা করব। আমার একটাই লক্ষ্য, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের উন্নয়ন। আমি আশা করি, আমার এলাকার মানুষ ভবিষ্যতেও আমার পাশে থাকবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার