সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় সদর ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অন্তত ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় অভিভাবক সদস্য জুবের আহমদ বলেন, এই পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। আমরা আয়োজক সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
পরীক্ষা নিয়ন্ত্রক ফয়জুল ইসলাম জানান, প্রথমবারের মতো গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র আয়োজনে অন্তত ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের আরও উৎসাহিত করছে। আয়োজক সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র সকল সদস্যকে ধন্যবাদ জানাই। এই মেধাবৃত্তি পরীক্ষার ধারাবাহিকতা যেন অব্যাহত তাকে।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মফিজুর রহমান স্বপন জানান, মেধাবৃত্তি পরীক্ষায় সদর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আশানুরূপ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এখানে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষর্থীদের পরীক্ষা নেওয়ার মাধ্যমে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং একটি নির্দিষ্ট সময় সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হবে।
এদিকে, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র সকল সদস্যকে। তাদের মধ্যে অনেকেই এটিকে ইতিবাচক বলে মনে করে এবং পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য নিজেদের প্রস্তুতির জন্য এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে জানায়।
জৈন্তা বার্তা/আরআর




