ছবি:সংগৃহীত
সিলেট অঞ্চলের কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আনিসুজ্জামান বলেছেন, কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও জৈবিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে বিষমুক্ত ফসল উৎপাদন সম্ভব।
শনিবার (২৩ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল মহিলা মাদ্রাসা মাঠে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নন-ক্রিপার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে জৈব বালাইনাশক, প্রাকৃতিক সার এবং সমন্বিত কীট দমন পদ্ধতি অনুসরণ করতে হবে। জৈবিক পদ্ধতিতে উৎপাদিত ফসল মানুষের শরীরের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একইসঙ্গে ফসলি জমির উর্বরতাও বজায় থাকে।
কৃষিবিদ আনিসুজ্জামান আরও বলেন, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মানুষের শরীরে নানা রোগ বাড়ছে এবং মাটির উর্বরতা কমে যাচ্ছে। এ ধরনের খাদ্য গ্রহণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি-এর সভাপতিত্বে এবং স্থানীয় কৃষক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াহিয়া, মোয়াজ্জেম হোসেন, খসরুল আলম, স্থানীয় কৃষক আজিম উদ্দিন, নুর উদ্দিন, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন ও আব্দুস সোবহান প্রমুখ।
মাঠ দিবসে বিভিন্ন সবজির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক ও জৈবিক পদ্ধতিতে কৃষি উৎপাদনের বিষয়ে পরামর্শ দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




