জৈন্তাপুরে ফের টুরিস্ট বাসে ৫০টি কম্বল সহ একজনকে আট*ক
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৫ AM

জৈন্তাপুরে ফের টুরিস্ট বাসে ৫০টি কম্বল সহ একজনকে আট*ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ১১:০১:৪৯ PM

জৈন্তাপুরে ফের টুরিস্ট বাসে  ৫০টি কম্বল সহ একজনকে আট*ক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে টুরিস্ট বাস থেকে অবৈধভাবে পাচারকালে ৫০ পিস ভারতীয় কম্বল সহ একজনকে আটক করেছে পুলিশ। 

আটক হওয়া ব্যাক্তির নাম জামাল হোসেন (২৮)। তিনি গাজিপুর মেট্রো এলাকার অন্তর্ভুক্ত বাসন থানা পালেরপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯শে নভেম্বর)  গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে নামে পুলিশ। 

এ দিন সন্ধ্যা  ৭:৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স   জাফলং হতে ছেড়ে আসা একটি ফিরতি টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে ৫০ পিস ভারতীয় কম্বল সহ তাকে আটক করে। আটক হওয়া কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা সমপরিমাণ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত)  মোঃ উছমান গনি। তিনি জানান,  টুরিস্ট বাসে তল্লাশী কালে অন্যান্য যাত্রীদের নিকট দুএকটি করে খুচরা কম্বল পাওয়া যায় যা পারিবারিক ভাবে ব্যবহারের জন্য তারা কিনে নিয়ে যাচ্ছিলো। সেগুলো উপযুক্ত প্রমাণ সাপেক্ষে টুরিস্টদের বুঝিয়ে দেয়া হয়েছে। এর বিপরীতে ৫০ টি কম্বলের একজন মালিক হওয়ায় তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারত থেকে পাচার হয়ে আসা কম্বলগুলো বিক্রির উদ্দেশ্যে নেয়ার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার সকালে পুলিশ পাহারায় তাকে আদালতে প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ