জৈন্তাপুরে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার দাবি
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৬ AM

জৈন্তাপুরে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার দাবি

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০২:২১:০৭ PM

জৈন্তাপুরে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার দাবি


নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের প্রেক্ষিতে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় খুচরা সার বিক্রেতারা। শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার ৩৬ জন খুচরা সার ডিলারসহ বহু ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালা অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে স্বল্প লাভে স্থানীয় কৃষকদের কাছে দ্রুত সার সরবরাহ করে আসছেন। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সময়মতো সার না পাওয়ার ঝুঁকিতে পড়বেন। এতে কৃষিজ উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

বক্তারা আরও বলেন, খুচরা ডিলাররা অনেক সময় কৃষকদের বাকিতে সার দেন। যার ফলে অতীতে কোনো সার সংকট দেখা দেয়নি। কিন্তু শুধুমাত্র বিসিআইসি ডিলারের মাধ্যমে সার বিতরণ করা হলে কৃষকদের ভোগান্তি বাড়বে এবং ক্ষুদ্র কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হলে সার বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারও পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপনের মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখতে প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার সদয় হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফউদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকতার আহমেদ, কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সদস্য ফজলুর রহমান, আতিকুর রহমান, হাবিবুর রহমানসহ অন্যান্যরা।

পরে ব্যবসায়ীরা খুচরা সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

জৈন্তা বার্তা/আরআর