সিলেটের কানাইঘাট উপজেলায় এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে দনা সীমান্ত এলাকার রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২০)। তিনি রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতাছড়া গ্রামের শাকিল আহমদ ও সুমন আহমদ রবিবার সন্ধ্যায় দনা বাজারে যাওয়ার পথে সাইফুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। তারা বাড়িতে নিয়ে তাকে বেঁধে রাখেন। সেখানে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সাইফুলের আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
জৈন্তা বার্তা/আরআর




