থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর সহায়তায় শাবিপ্রবিতে ১০ দিনব্যাপী চ্যারিটি বইমেলা উদ্বোধন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৫ AM

বইমেলা জ্ঞানচর্চার পরিসর বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধও বৃদ্ধি করবে’- ভাইস চ্যান্সেলর । ‘শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, তা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়’ -প্রো-ভাইস চ্যান্সেলর

থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর সহায়তায় শাবিপ্রবিতে ১০ দিনব্যাপী চ্যারিটি বইমেলা উদ্বোধন

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৫ ১২:১৬:০১ AM

থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর সহায়তায় শাবিপ্রবিতে ১০ দিনব্যাপী চ্যারিটি বইমেলা উদ্বোধন

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর চিকিৎসা ব্যয়ে সহায়তা করতে শুরু হয়েছে দশ দিনব্যাপী চ্যারিটি বইমেলা। আজ সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর উদ্যোগে এই বইমেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘ডিজিটাল যুগে সরাসরি বই হাতে নিয়ে পড়ার আগ্রহ কমে গেলেও শিক্ষার্থীদের এমন উদ্যোগ উৎসাহব্যঞ্জক। বইমেলা জ্ঞানচর্চার পরিসর বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধও বৃদ্ধি করবে।’

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, ‘একটি সামাজিক সমস্যাকে সামনে এনে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে, তা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, ‘বইমেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা যে সহমর্মিতা দেখিয়েছে, তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।’

বইমেলার আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসচালক মোহাম্মদ মনসুরের দুই সন্তান দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় ভুগছে। তাদের চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তা করতেই এই বইমেলার আয়োজন। ২১টি প্রকাশনী এতে অংশ নিয়েছে, এবং বই বিক্রির পুরো লভ্যাংশ শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে। বইমেলা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ