ছবি:সংগৃহীত
বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত ২ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪টায় রাজা ম্যানশনস্থ দলীয় কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস।
সভায় উপস্থিত ছিলেন- বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড মাসুদ রানা,‘চা শ্রমিক ঐক্য’ কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক নমিতা রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাশ পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল প্রমুখ।
বিভিন্ন দিক পর্যালোচনার পর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ (মার্কদী) দলের প্রার্থী হিসেবে সঞ্জয় কান্ত দাস-কে মনোনীত করা হবে। তিনি দলীয় ‘কাঁচি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নেতৃবৃন্দ জানান, বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বাসদ (মার্কসবাদী) ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, প্রাণ-প্রকৃতি রক্ষা ও উন্নয়ন বৈষম্য দূরীকরণে দলটি নিয়মিত আন্দোলন পরিচালনা করেছে।
চা শিল্প ও চা শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রেও সংগঠনটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।
নেতৃবৃন্দ দাবি জানান- জাতীয় নির্বাচন যেন কালোটাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত হয়, প্রার্থিতা গ্রহণের জামানত ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
নেতৃবৃন্দ সিলেট-১ আসনের জনগণের প্রতি আহ্বান জানান- ‘কাঁচি’ প্রতীকে ভোট দিয়ে শোষণ-বৈষম্যমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রামকে আরও বেগবান করুন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




