তারেক রহমানের সিলেট সফর সফল করতে ঐক্য ও শৃঙ্খলার আহ্বান জেলা বিএনপির
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫২ PM

তারেক রহমানের সিলেট সফর সফল করতে ঐক্য ও শৃঙ্খলার আহ্বান জেলা বিএনপির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ১১:৩০:০৯ PM

তারেক রহমানের সিলেট সফর সফল করতে ঐক্য ও শৃঙ্খলার আহ্বান জেলা বিএনপির

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সিলেট জেলা বিএনপি। এ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, এই সফর শুধু সিলেট নয়-দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতে ফ্যাসিবাদী শাসনের ভয়ভীতি উপেক্ষা করেও সিলেটে সফল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের মাটি সবসময় গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে অবস্থান নিয়েছে। এবারও ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করতে হবে। এ কর্মসূচির দিকে সারাদেশ এমনকি বিশ্বের দৃষ্টি থাকবে।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলাই এই কর্মসূচির সাফল্যের প্রধান চাবিকাঠি। সিলেটের বিএনপি মনোনীত প্রার্থীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিজ নিজ সংসদীয় এলাকা থেকে জনসমাগম নিশ্চিত করবেন। জনসভার আগের দিন থেকেই নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেবেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর মেন্দিভাগস্থ এমরান’স অ্যাসোসিয়েটস অফিসে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সভায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ সিলেট জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন।

সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদির লুনা বলেন, প্রচারণায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনস্রোত সৃষ্টি করতে হবে। সমাবেশস্থলে উপজেলা ও পৌরসভাভিত্তিক অবস্থান নিশ্চিত করা জরুরি।

সিলেট-৩ আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক বলেন, বিএনপির চেয়ারম্যানের সিলেট আগমন আমাদের জন্য গর্বের বিষয়। ইনশাআল্লাহ, তার আগমনের আগেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে।

সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে এক নজর দেখতে সাধারণ মানুষের আগ্রহ ব্যাপক। পাড়া-মহল্লাভিত্তিক প্রচারণা আরও জোরদার করতে হবে।

ডা. এনামুল হক চৌধুরী বলেন, নেতার প্রথম সিলেট আগমন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি বড় দায়িত্বেরও বিষয়। এজন্য জোনভিত্তিক পরিকল্পনা ও শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, দেশাত্মবোধ জাগ্রত রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। জনগণ যেন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকে অভ্যর্থনা জানাতে পারে-সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে বিএনপি আজও জনগণের আস্থার কেন্দ্রবিন্দু। এই সফর ও নির্বাচনী জনসমাবেশ হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব।

সভা শেষে উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ