সিলেটের আত্মীয়স্বজনসহ দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের পাশে আছে- আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫২ PM

সিলেটের আত্মীয়স্বজনসহ দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের পাশে আছে- আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০৭:২৮:২৮ PM

সিলেটের আত্মীয়স্বজনসহ দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের পাশে আছে- আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে গুম, হত্যা, নির্যাতন ও বাকশালী ফ্যাসিবাদ তাড়াতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন। একইভাবে গত ১৭ বছরে জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী দল ও দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, ঐতিহাসিক জুলাই আন্দোলনে এ দেশের ছাত্রজনতা রক্ত দিয়েছে। অসংখ্য ছাত্র শহীদ ও আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছে। জুলাই শহীদদের রক্তের সঙ্গে কোনোভাবেই বেইমানি করা যাবে না। তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, দীর্ঘ ২০ বছর পর আগামী ২২ জানুয়ারি সিলেটে আসছেন দেশনায়ক তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বুঝতে হবে-তিনি একা নন; সিলেটের আত্মীয়স্বজনসহ দেশের ১৮ কোটি মানুষ তাঁর পাশে আছে।

পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালসহ আরও অনেকে।

এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, তাঁতীদল, মুক্তিযোদ্ধা দল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ