ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই একটি জাতির প্রকৃত সম্পদ। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা সময়ের দাবি।
তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থী সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হারুনুর রশীদ হারুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ল’ কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন এবং আরটিসির চেয়ারম্যান মো. আসাদুল হক আসাদ।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক আহমদ, সহ-সভাপতি শিহাব উদ্দিন, হাজী আলমগীর হোসেন, ফখরুজ্জামান ওয়াসিম, এনামুল হক, আমিরুল ইসলাম, মো. হানিফ আহমদ, তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আহমদ রায়হান, শামীম আহমদ, শাহান আহমদ, মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীদ আলী শাহীদসহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, অতিথি এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




