ছবি:সংগৃহীত
সিলেট-১ সংসদীয় আসনে বাসদ মনোনীত ‘মই’ প্রতীকের প্রার্থী প্রণব জ্যোতি পাল নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় তিনি সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডের কাজিটুলা বাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি শহীদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মামুন বেপারি, নাজির আহমদ, রফিক আহমেদ, ফাহিম ইসলাম, ইমন আহমদ, মো. ঝুমন খান, মাহিন সাজ্জাদ প্রমুখ।
কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাসদ শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অবিচলভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার পর সময় যতই গড়িয়েছে, দেশে বৈষম্য ততই বেড়েছে। ১৯৭১ সালের পর থেকে দেশের জনগণ বারবার গণবিরোধী ও স্বৈরাচারী সরকারকে হটিয়েছে এবং বিভিন্ন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এনেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা রক্ত দিয়ে স্বৈরাচারী সরকার পতন ঘটালেও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গণমানুষের স্বার্থের পরিবর্তে সংস্কার, আদেশ ও গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে সময় নষ্ট করছে।
এ সময় প্রণব জ্যোতি পাল সিলেট নগরীতে সর্বত্র গ্যাস সংযোগ চালু, জলাবদ্ধতা নিরসন এবং বিশুদ্ধ পানির সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




