মাগুরায় জামায়াত প্রার্থীর ওপর হা ম লা র অভিযোগ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ AM

মাগুরায় জামায়াত প্রার্থীর ওপর হা ম লা র অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৪:৫২:৩৫ PM

মাগুরায় জামায়াত প্রার্থীর ওপর হা ম লা র অভিযোগ

সংগৃহিত


মাগুরা-১ (শ্রীপুর ও মাগুর সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার(১১ ফেব্রুয়ারি) সকালে মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম (৪নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন আব্দুল মতিন।

অভিযোগে জানা যায়, সকাল ৯টার দিকে আব্দুল মতিন ফুলবাড়িয়া এলাকায় নিজ গ্রামের বাড়িতে বাবা-মার কবর জিয়ারত ও অসুস্থ বড় ভাইকে দেখতে আসেন। এ সময় বাড়ির পাশের একটি চায়ের দোকানে অবস্থানকালে একদল ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

হামলার সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন রজব আলির ছেলে মতিয়ার, ইবাদত শেখের ছেলে আরব আলি, সাচ্ছু মুন্সির ছেলে সুমন, আ. মান্নান নালোর ছেলে হাসান, মেহেদী মুন্সির ছেলে টোকন ও মমিন চৌধুরীর ছেলে কিবুল। তারা সবাই হাজিপুর ইউনিয়নের লক্ষীখোল এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সক্রিয় নেতাকর্মী বলে উল্লেখ করেন আব্দুল মতিন। এ ঘটনায় তিনি প্রশাসনকে অবহিত করেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

স্থানীয় জামায়াত নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে শুনেছি, কিন্তু আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ করেননি ওই প্রার্থী।’

জৈন্তাবার্তা/সুলতানা


শীর্ষ সংবাদ: