ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে আরও চার প্রার্থীর সমর্থন
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ AM

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে আরও চার প্রার্থীর সমর্থন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৮:৪৭:৪০ PM

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে আরও চার প্রার্থীর সমর্থন

ছবি:সংগৃহীত


আসন্ন ঢাকা-১৭ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন আরও চারজন প্রার্থী। বুধবার সন্ধ্যার পর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কেউ সশরীরে এবং কেউ টেলিফোনে যুক্ত হয়ে তাঁদের সিদ্ধান্ত জানান। এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও একই আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিএনএফ প্রার্থী ও ২০১৪-২০১৮ মেয়াদের সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করা জরুরি। তাঁর ভাষ্য, প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখলে জাতীয়তাবাদী ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা ছিল। সে কারণেই তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এবং তাঁর সমর্থকদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তারেক রহমানের প্রতি সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তাঁর সমর্থকদেরও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে ঢাকার বাইরে অবস্থান করায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে সমর্থন জানান। তাঁরা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এ সময় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবদুস সালাম অভিযোগ করেন, নির্বাচনী এলাকার কয়েকটি বস্তিতে অর্থের বিনিময়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। তাঁর দাবি, জনসমর্থনের ঘাটতি থাকায় প্রতিদ্বন্দ্বী পক্ষ অনৈতিক কৌশল অবলম্বন করছে। তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

ঢাকা-১৭ আসনে একের পর এক প্রার্থীর সমর্থন ঘোষণায় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: