ছবি:সংগৃহীত
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। নির্বাচনে বিজয়ের পর থেকে দলে দলে মানুষ তাঁর গোলাপগঞ্জের গ্রামের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়েও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিয়ানীবাজার উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে এবং শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে দুই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় এমরান আহমদ চৌধুরীকে বরণ করে নেন।
এসময় নবনির্বাচিত এই সংসদ সদস্য দুই উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুখে-দুঃখে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজয়ের আনন্দে যেন কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করেন। তিনি সতর্ক করে বলেন, বিজয়ে ঈর্ষান্বিত মহল বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতে পারে; তাই সবাইকে ধৈর্য ও সংযম ধরে রেখে কঠোরভাবে দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এমরান আহমদ চৌধুরী ৮ হাজার ৩৪৮ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করে বিজয়ী হন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




