ছবি:সংগৃহীত
সিলেট নগরের খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শন শেষে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং মুসল্লিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মসজিদ প্রাঙ্গণে তিনি চলমান কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মতবিনিময়কালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মসজিদের পবিত্রতা রক্ষা এবং মুসল্লিদের ওজুর সুবিধা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করা হবে। তিনি উন্নয়ন কাজ যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় মসজিদ কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




