ছবি:সংগৃহীত
সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভূমিধস বিজয় ও উত্তরোত্তর সাফল্য কামনায় সিলেটে এক বর্ণাঢ্য শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিলেট নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিমের বাসভবন প্রাঙ্গণে তাঁর আয়োজনেই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুকরানা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের ভোটে বিএনপির এই বিজয় গণতন্ত্রের বিজয়। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাবেক জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ১৪ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির আহ্বায়ক আলী আশরাফ চৌধুরী খালেদের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম মুনিমের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহচট জামে মসজিদের ইমাম-খতিব মৌলানা আবুল কালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ দলীয় ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়া ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল এবং বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- এর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




