ছবি:সংগৃহীত
সিলেট-৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। শপথ গ্রহণকে সামনে রেখে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে তিনি বলেন, সিলেট-৪ আসনের মাটি ও মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের মানুষের আবেগ, অধিকার ও উন্নয়নের প্রশ্নে তিনি অঙ্গীকারবদ্ধ থাকবেন বলেও উল্লেখ করেন। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ যেভাবে তাঁকে আপন করে নিয়েছেন, তার জন্য তিনি নিজেকে ঋণী বলে অভিহিত করেন।
নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বিশেষ বার্তায় তিনি বলেন, পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ জরুরি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, এ বিজয় শুধু কোনো দলের নয়, বরং পুরো সিলেট বিভাগের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এক বছরের মধ্যেই এলাকাবাসী দৃশ্যমান উন্নয়নের চিত্র দেখতে পাবেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




