সংরক্ষিত আসনে আলোচনায় সিলেটের ৮ জন নারী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪৬ PM

সংরক্ষিত আসনে আলোচনায় সিলেটের ৮ জন নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০২/২০২৬ ১১:২৬:৩৪ PM

সংরক্ষিত আসনে  আলোচনায় সিলেটের  ৮ জন নারী

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্য ও সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। এদিকে ভোটের কাটতে না কাটতেই সংরক্ষিত আসনে সদস্য হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সিলেটের আট নারী নেত্রী। সিলেট বিভাগ থেকে দুইজন নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে। প্রচলিত বণ্টন অনুযায়ী, সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে একজন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে একজন সংসদে যাবেন। সিলেটের দুটি আসন থেকে কারা সংসদে যাচ্ছেন এ নিয়ে তৈরি হয়েছে বহুমাত্রিক রাজনৈতিক সমীকরণ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলীয় হাইকমান্ড।

সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যেই এসব আসনের নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে। চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের এমপিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না; বরং নবনির্বাচিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। ফলে দলীয় সংখ্যাগরিষ্ঠতা ও রাজনৈতিক সমীকরণ এখানে বড় ভূমিকা রাখে। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের ভোটেই নির্ধারিত হবে সংরক্ষিত নারী এমপিদের ভাগ্য।

সংরক্ষিত নারী আসনকে ঘিরে সিলেট বিভাগে বিশেষ করে বাংলাদেশ বিএনপির নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলীয় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে হিসাব-নিকাশ।

আলোচনায় যারা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহসম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাম্মী আক্তার, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক এমপি মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের (লেচু মিয়া) কন্যা সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাদিয়া চৌধুরী মুন্নি, মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি সামিয়া বেগম চৌধুরী, গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের বোন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেবুন নাহার সেলিম আলোচনায় রয়েছেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির সংরক্ষিত নারী আসনে আসতে পারেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নজির হোসেনের পরিবারের প্রতি সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের বিশেষ আবেগকে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত। তাছাড়া সালমা নজির দির্ঘদিন থেকে ভাটি অঞ্চলের মানুষের পাশে থেকে বিএনপির ৩০ দফার প্রচার চালিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে এই চার জেলা মিলিয়েই দুইজন নারী সংরক্ষিত সংসদ সদস্য হয়ে আসছেন। যদিও জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হয়েছে, সিলেট বিভাগের বরাদ্দ বাড়েনি। জাতীয় সংসদের প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন ধরলে, সিলেট বিভাগের ১৯টি আসনের জন্য তিনটি সংরক্ষিত এমপি হওয়া যৌক্তিক, এমন দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ